হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলি জেনারেল ও দেশটির সেনাসদস্যদের অভিযোগ পর্যালোচনার দায়িত্বে থাকা সাবেক কর্মকর্তা ইসহাক ব্রিক ইসরায়েলের সামনে থাকা ঝুঁকি নিয়ে ধারাবাহিক সতর্কবার্তার অংশ হিসেবে ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এমন পদক্ষেপ একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে, যাতে ইসরায়েলকে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে।
ট্রাম্প কোনো প্রতিশ্রুতিই রক্ষা করেননি, তিনি দিশেহারা
হিব্রু দৈনিক মারিভে প্রকাশিত এক নিবন্ধে ইসহাক ব্রিক জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে এমন এক বাস্তবতা সামনে এসেছে, যা সংকটের অবসান এবং ‘বিশ্বশান্তি প্রতিষ্ঠার’ বিষয়ে তাঁর দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। কারণ, যুদ্ধ অব্যাহত রয়েছে এবং অর্থনৈতিক সংকট আরও গভীর হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্য একটি চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছে। একই সঙ্গে সংঘাত বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, ট্রাম্পের প্রতিশ্রুত সমৃদ্ধির পরিবর্তে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঘটনাকে ব্রিক ট্রাম্পের নীতির প্রতি জনগণের অসন্তোষ এবং সংকট মোকাবিলায় তাঁর সক্ষমতার ওপর আস্থা কমে যাওয়ার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। এসব সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
ইসরায়েলি এই জেনারেল বলেন, ট্রাম্প বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি। এদিকে তাঁর প্রশাসনের অভ্যন্তরে তীব্র মতবিরোধ রয়েছে এবং চলমান সংঘাত মোকাবিলায় কোনো অভিন্ন কৌশলও নেই।
ইরানের কাছে ট্রাম্প অপদস্থ হয়েছেন
নিবন্ধে বলা হয়েছে, এদিকে হোয়াইট হাউসের অভ্যন্তরে মতবিরোধ মূলত দুটি বিকল্পকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। প্রথমটি হলো, ‘বলপ্রয়োগের মাধ্যমে চূড়ান্ত বিজয়’ অর্জনের চেষ্টা হিসেবে ইরানের ওপর সামরিক হামলা আরও জোরদার করা। দ্বিতীয়টি হলো, অর্থনৈতিক চাপ অব্যাহত রেখে এমন একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং সংঘাতের আরও বিস্তার ঠেকাবে।
ইসরায়েলি ওই জেনারেল জোর দিয়ে বলেন, ট্রাম্পের সিদ্ধান্তের ক্ষেত্রে শুধু সামরিক ও রাজনৈতিক হিসাবই প্রভাব ফেলছে না। ইরান যেভাবে তাঁর সঙ্গে আচরণ করেছে, তাতে ট্রাম্পের মধ্যে যে অপমানবোধ তৈরি হয়েছে, তা তাঁকে কৌশলগত মূল্যায়নের পরিবর্তে প্রতিশোধ নেওয়ার মানসিকতা থেকে হামলার সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে।
নতুন যুদ্ধে ইসরায়েলের ওপর আঘাত হবে ভয়াবহ ও বিধ্বংসী
তিনি সতর্ক করে বলেন, এ ধরনের মানসিকতা থেকে সামরিক সিদ্ধান্ত নেওয়া হলে পুরো অঞ্চলের জন্য গুরুতর পরিণতি দেখা দিতে পারে। বিশেষ করে নতুন যুদ্ধে ইসরায়েল অংশ নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ইসরায়েলের সম্ভাব্য অংশগ্রহণে ইরানের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ দ্রুত বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যার কেন্দ্রবিন্দুতে থাকবে ইসরায়েল।
ইসহাক ব্রিক বলেন, এ ধরনের যুদ্ধে ইসরায়েল যে আঘাতের মুখে পড়বে, তা হবে অত্যন্ত বড় ও অসহনীয়। আগের সংঘাতগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ই আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাই আমরা যুক্তরাষ্ট্রের বিচক্ষণ ও দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন ট্রাম্পকে নতুন কোনো যুদ্ধে জড়ানো থেকে বিরত রাখেন। কারণ, উত্তেজনা বৃদ্ধি পেলে বর্তমান যুদ্ধের চেয়েও ভয়াবহ সংঘাতের পথ খুলে যেতে পারে।
ইসরায়েলি এই জেনারেল আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক বিজয় অর্জনের জন্য বিমান হামলার ওপর নির্ভর করা অবাস্তব মূল্যায়নের ওপর প্রতিষ্ঠিত। কারণ, শুধু বিমান অভিযান চালিয়ে ইরানের সরকারব্যবস্থার পতন ঘটানো কিংবা দেশটিকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হওয়া থেকে বিরত রাখা সম্ভব নয়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব লক্ষ্য ব্যর্থ হয়েছে
আগের যুদ্ধগুলোর ফলাফল তুলে ধরে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অতীতের সংঘাতগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সব কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এসব হামলায় ইরানের সাময়িক কিছু ক্ষয়ক্ষতি হলেও একই সঙ্গে নিজেদের সক্ষমতা আরও বিকশিত করার ব্যাপারে তেহরানের আগ্রহ ও সংকল্প বেড়েছে।
ওয়াশিংটনের সামনে থাকা বিকল্পগুলো সম্পর্কে ইসহাক ব্রিক বলেন, আগের অভিজ্ঞতা প্রমাণ করেছে, বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারে না কিংবা সামরিক বিজয়ও নিশ্চিত করতে পারে না। বরং এ ধরনের পদক্ষেপ ইসরায়েলকে এমন একটি আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে, যার জন্য দেশটিকে বড় মূল্য দিতে হবে।
রাজনৈতিক প্রতিশ্রুতি ও আকাশপথে শক্তি প্রদর্শনের ওপর নির্ভরতা পরিহারের আহ্বান জানিয়ে নিবন্ধের শেষাংশে ইসরায়েলি এই জেনারেল সতর্ক করে বলেন, পরিণতি বিবেচনা না করে প্রতিশোধের মনোভাব থেকে সামরিক সিদ্ধান্ত নেওয়া হলে সংকটের সমাধানের পরিবর্তে তা আরও গভীর হতে পারে।
আপনার কমেন্ট